
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতি থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত একমাত্র আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার লেমুয়া ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মিলন মাঝি (৪২)। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর গোসাই (দাই বাড়ি) এলাকায়।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ও র্যাব-৭–এর যৌথ আভিযানিক দল সোমবার দুপুর ২টা ৫ মিনিটের দিকে ফেনী সদর থানার লেমুয়া ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখানে থেকে মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি মিলন মাঝিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১৩ ফেব্রুয়ারি সকালে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই দিন সকাল ১০টার দিকে ভুক্তভোগী গৃহবধূ নিজ বাড়িতে রান্নার কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত মিলন মাঝি বাড়িতে ঢুকে তাঁকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যান।
পরে ভুক্তভোগী বিষয়টি স্বামীকে জানিয়ে রামগতি থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন মাঝি তাঁর নাম-ঠিকানা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট মামলার এজাহারভুক্ত আসামি বলে স্বীকার করেছেন বলে র্যাব দাবি করেছে।
গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুরের রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে।
