পদ্মা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চাপাইনবয়াবগঞ্জ নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা এবং একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার মধ্যরাতে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা নদীর ৮ নম্বর স্পার বাঁধ এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে স্থানীয় ইটভাটায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযান চলাকালে ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস ও হিরো ইটভাটার সামনে মাটিভর্তি একটি ট্রাক্টর আটক করা হয়। এ সময় ট্রাক্টরচালক সাকিব রানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পদ্মা নদীর স্পার বাঁধ এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়টি স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত ট্রাক্টরচালক সাকিব রানাকে বিভিন্ন আইনে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন। একই ঘটনায় ইটভাটার ম্যানেজার এনামুল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দ করা ট্রাক্টরটি প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।