
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভিডিপি দিবস ২০২৬ উদযাপন করেছে। বেলা ১১টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান।
উদ্বোধন শেষে জেলা কমান্ড্যান্টের নেতৃত্বে একটি র্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। র্যালির পরে আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান বলেন, বাহিনীর সদস্যদের আধুনিক অস্ত্র ও অন্যান্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা দেশের যেকোনো দুর্যোগ মুহূর্তে প্রস্তুত থাকতে পারে। তিনি সদস্যদের ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে সদর, সোনাইমুড়ী, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জসহ বিভিন্ন উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তারা এবং দেড় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৬ সালের এই দিনে ‘শান্তি, শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’ মূলমন্ত্রকে সামনে রেখে ভিডিপি বাহিনী প্রতিষ্ঠিত হয়।
