
নিজস্ব প্রতিবেদক :
দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা; সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন; শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে জনসভায় যোগ দিতে ফেনী জেলার ছাগলনাইয়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৪ দলের নেতারা।
রোববার (১ অক্টোবর) বিকেলে ছাগলনাইয়ায় উপজেলার শহীদ মিনার চত্ত্বরে ১৪ দল আয়োজিত জনসভায় যোগ দেবেন তারা।
এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অতিথি হিসেবে থাকবেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাসদ সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।
স্থানীয় সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন করা ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে এ জনসভার আহ্বান করা হয়েছে।
জনসভা সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার।
