সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসে রোড শো

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোড শো অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে রোববার (১৯ অক্টোবর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে রোড শোটি শুরু হয়।

‘নিরাপদ সড়ক চাই, জীবন বাঁচাই’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে বিআরটিএ এবং ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে পথচারী, যাত্রী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়।

বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমানের দিকনির্দেশনায় রোড শোটি পরিচালনা করেন সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক। তিনি মাইকিং করে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ, সঠিক লাইসেন্সধারী চালক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরার উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিন, স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা বলেন, “সড়ক দুর্ঘটনার সংখ্যা কমাতে হলে শুধু আইন প্রয়োগ নয়, প্রত্যেকের মধ্যে সচেতনতা গড়ে তোলা জরুরি।”

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “বিআরটিএ’র এই উদ্যোগ প্রশংসনীয়। এমন কার্যক্রম শুধু সাতক্ষীরা নয়, সারা দেশেই ছড়িয়ে পড়া উচিত।”

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর বাংলাদেশে বহু মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সংশ্লিষ্টদের মতে, নিয়ম মেনে চললে এসব দুর্ঘটনার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।