নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ ঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে ১১৫ কেজি উৎপাদিত পলিথিন জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বিসিক শিল্পনগরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক রায়হান মোর্শেদ এবং বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এএসআই) মো. খুরশীদসহ একদল পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীর একটি কারখানায় এই অভিযান চালানো হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫(১) ধারায় ‘ইমরান’ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১১৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এ ছাড়া ‘কেবি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামের ওই কারখানার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার মুচলেকা ও অঙ্গীকারনামা নেওয়া হয়।

পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।