
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে সদর উপজেলার নোয়াখালী পৌর গেইট এলাকায় এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর বেলা দুইটার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী পৌর গেইট এলাকায় জড়ো হন। পরে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল বের করেন। এ সময় সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করেও স্লোগান দেন মিছিলকারীরা।
মিছিলটি অল্প সময়ের মধ্যে মাইজদী বাজার এলাকার দিকে গিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “জুমার নামাজ শেষে পুলিশ সদস্যরা খাবার খেতে বসেছিলেন। ওই সময় কিছু লোক হঠাৎ করে পৌর গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।”
তিনি আরও বলেন, “মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
