
পিরোজপুর প্রতিনিধি : জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা ৩নং বালিপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বালিপাড়া বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এবং জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
মাসুদ সাঈদী বলেন, “তরুণরা আমাদের আগামীর শক্তি এবং দেশের সবচেয়ে বড় সম্পদ। আজ সময় এসেছে তাদের শক্তিকে সঠিক পথে কাজে লাগানোর। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন তরুণদের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা নিশ্চিত করা যাবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণদের জন্য কর্মসংস্থান ও উন্নয়নের বাস্তব পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে।”
তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “বিগত দিনে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা তরুণদের মূল্যায়ন না করে তাদের হতাশা, দুর্নীতি ও বেকারত্বের পথে ঠেলে দিয়েছে। তবে তরুণরাই বারবার প্রমাণ করেছে তারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখতে জানে।”
এছাড়া, তিনি দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা এবং তাদের সঠিক নেতৃত্ব নির্বাচনের ইঙ্গিতকে স্বাগত জানান। “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এবার সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বকেই বেছে নেবে,” বলেন তিনি।
মাসুদ সাঈদী আরও বলেন, “যদি আমরা নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ তরুণদের কর্মসংস্থানের সুযোগসহ একজন আদর্শবান ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলবো। আমাদের লক্ষ্য শুধু নির্বাচনে জয়ী হওয়া নয়, বরং একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও মানবিক বাংলাদেশ গঠন করা, যেখানে তরুণরা হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি।”
সমাবেশে উপস্থিত ছিলেন বালিপাড়া ইউনিয়নের আমীর মো. শহীদুল ইসলাম, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য হাবিবুর রহমান, জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হাসান, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, অর্থ সম্পাদক তাওহিদুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া, শোয়াইব শিকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
