
সাইফ উল্লাহ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) : আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলটির ঘোষিত ৩১ দফার ভাবনা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় ‘মাঠ সেমিনার’ করেছে বিএনপি। এই সেমিনারে হাওরের বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম বন্ধ করে প্রকৃত কৃষকদের কাছে ‘প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি’র (পিআইসি) দায়িত্ব দেওয়া এবং নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর) আসনের আয়োজনে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ভীমখালী বাজারে এই মাঠ সেমিনার অনুষ্ঠিত হয়। ওয়ার্ড পর্যায়ের কৃষক, শ্রমিক, মহিলা প্রতিনিধি, ইমাম-মুয়াজ্জিন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, মৎস্যজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এই প্রচার কার্যক্রম চালানো হয়।
ভীমখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রইস আলী তালুকদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমা নজীর।
মূল বক্তব্য ও প্রতিশ্রুতি
প্রধান অতিথির বক্তব্যে সালমা নজীর হাওরের বেড়িবাঁধ নির্মাণে দীর্ঘদিনের অনিয়মের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের হাওরের বেড়িবাঁধ নিয়ে অনেক কথা হয়। হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম হয়। বিএনপি ক্ষমতায় গেলে এই বেড়িবাঁধ সুষ্ঠুভাবে করা হবে এবং প্রকৃত কৃষকদেরকেই পিআইসির দায়িত্ব দেওয়া হবে। যাতে কৃষকেরা যথাসময়ে ধান কেটে ঘরে তুলতে পারেন।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আওতায় নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে পারবেন।
দুর্নীতি ও নির্বাচন প্রসঙ্গে মন্তব্য
দলের আদর্শ তুলে ধরে সালমা নজীর বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতিবাজদের কোনো দল থাকতে পারে না। দুর্নীতিবাজরা মানুষকে শোষণ করে। আমাদের দলে কোনো দুর্নীতি, চাঁদাবাজ বা দখলদার থাকবে না।”
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী সংসদ নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। একটা গোষ্ঠী চাচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে। কিন্তু নির্বাচন পিছিয়ে দিলে দেশে অরাজকতা সৃষ্টি হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এইজন্য আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে।”
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শাহিনুর রহমান শাহিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল করিম হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান জুনায়েদ প্রমুখ।
