“নির্বাচন যেন না হতে পারে সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে” : এ্যানি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সামনের নির্বাচনটা যেন না হতে পারে, সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে বলে এমনটা মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার সকালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তরজয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি ওয়ার্ড ভিত্তিক কাউন্সিল নেতা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে আয়োজিত সভায় তিনি এসব মন্তব্য করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন আমাদের টার্গেট। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা বসে নাই। তারা দেশে ও দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত। যেন বাংলাদেশে সামনের নির্বাচনটা না হতে পারে, গভীর ষড়যন্ত্র চলছে। বর্তমান সরকারকে আন্দোলন সংগ্রামের পর আমরাই বসিয়েছি। এ সরকার আমাদেরই সরকার। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই এই সরকার চলছে। আমরা সরকারকে সহযোগীতা করছি।

তিনি আরও বলেন, প্রত্যেক উপদেষ্টাকে সতর্ক হতে হবে। আপনারা যদি সতর্ক না হন, দ্রুত হাসিনার বিচারের ব্যবস্থা যদি না হয়, দৃশ্যমান না হয়, ত্বরান্বিত যদি না হয়, তাহলে দেশের মানুষ খুব কষ্ট পাবে। 

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রমুখ।