চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৪টি গরু জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ১৮ মে রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ি পৃথক ছয়টি অভিযান পরিচালনা করে।

এর মধ্যে মনোহরপুর বিওপির সদস্যরা শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেন। জব্দ করা মদের আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া মাসুদপুর বিওপি, জহুরপুর বিওপি, বাখেরআলী বিওপি, ফরিদপুর বিওপি ও মনাকষা বিওপির সদস্যরা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করেন। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

জব্দ করা মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত ৩৩টি ভারতীয় গরু ও ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এসব জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু ও মাদক চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।