
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দোয়াভাঙ্গা এলাকায় ৫’শ অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও সওজ সড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়েছে।
এর আগে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার, দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া বাজারের ব্যবসায়ীদেরকে নিজ নিজ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।
কিন্তু গত মঙ্গলবার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
অভিযানে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।
তিনি জানান, যানজট মুক্ত ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করার জন্যই এই অভিযান পরিচালিত হচ্ছে।
দোয়াভাঙ্গা এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও কিছুদিন পরেই আবার সড়কের জায়গা অবৈধভাবে দখল হয়ে যায়।
সওজ সড়ক উপ-বিভাগ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ জানান, গত নভেম্বর থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
