
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ব্যস্ততম সড়কে যান চলাচলের বিঘ্ন ঘটিয়ে ইট-বালির রমরমা ব্যবসা চলছে। এতে জনভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্টদের নীরবতায় জনমনের ক্ষোভের সঞ্চার হয়েছে।সরজমিন দেখা যায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন পাকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়েকর রস্তার উপর দুই পাশে বালির ব্যবসা পেতে বসেছেন একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। তারা মহাসড়কের উপর বালি-ইটের খোয়া ব্যবসা করার কারণে এগুলো লোড-আনলোড করতে গিয়ে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত সড়কে ঘটছে দুর্ঘটনা।সাধারণ মানুষের দাবি, একশ্রেণির ব্যবসায়ীরা অবৈধভাবে নির্বিঘ্নে এ ব্যবসা চালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ কিংবা থানা পুলিশের এই অবৈধভাবে ইট-বালুর ব্যবসা কি তাদের চোখে পড়ে না?খর্নিয়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম বলেন, রাস্তায় অবৈধভাবে বালু ও ইটের ব্যবসায়ীদেরকে অনেকবার বলা হয়েছে রাস্তা থেকে ইট-বালু সরিয়ে নেয়ার জন্য। কিন্তু তারা আমাদের কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না।তিনি আরও বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ব্যবস্থা নিলে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা যাবে।সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বলফিল্ড, কুমিরা বাজার, মির্জাপুর বাজারসহ বিভিন্ন জায়গায় সড়ক ও জনপদের জায়গা কাঠের গুড়ি ইট বালি রেখে অসাধু ব্যবসায়ী ব্যবহার করছে।তিনি আরো বলেন, জেলা আইন-শৃঙ্খলা মিটিং এ বিষয়ে আমি কথা বলছি উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনকে জানালে বিষয়টা ভালো হয় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করতে পারে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।তালা উপজেলা নবাগত নির্বাহী অফিসার দীপা রানী সরকার জানান, তিনি সদ্য অত্র উপজেলাতে যোগদান করেছেন। বিষয়টি তিনি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন।
