
সাতক্ষীরা, নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা হাফেজ মুহা. রবিউল বাশার।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার কিছু আগে সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।
সংসদ অধিবেশনের সময় তিনি বক্তব্য চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্পিকার তাৎক্ষণিকভাবে আলোচনা থামিয়ে দেন এবং তাঁর চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ সময় স্পিকার সংসদে উপস্থিত সদস্যদের উদ্দেশে বলেন, একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন, তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
পরে সংসদে উপস্থিত চিকিৎসক দল দ্রুত তাঁর প্রাথমিক চিকিৎসা কার্যক্রম শুরু করে বলে জানা গেছে।
ঘটনার পর অধিবেশন কিছু সময়ের জন্য স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি চিকিৎসা পর্যবেক্ষণে আছেন।
