
আলমগীর মোল্লা : গাজীপুরের কালীগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। তিনি বলেছেন, অপরাধ দমনে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং ভালো কাজ করতে গিয়ে অপ্রিয় হতে হলেও যেন তারা পিছু না হটেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় যাদের দায়িত্ব রয়েছে, আপনারা তা সঠিকভাবে পালন করবেন। আমি নির্দ্বিধায় বলতে চাই, কোনো অন্যায় বা অবিচার—সেটি দলের হোক বা দলের বাইরের যে কারও হোক—প্রশাসন তার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে। এ ক্ষেত্রে আমার বা দলের পক্ষ থেকে কোনো সুপারিশ থাকবে না। যদি কেউ সুপারিশ করে বা করতে আসে, তবে আপনারা আরও কঠিন হবেন।”
তিনি আরও বলেন, “আপনারা যখন কোনো অভিযান পরিচালনা করবেন, তখন বদলি বা জবাবদিহিতার ভয়ে শঙ্কাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। যেকোনো ভালো কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও তা সম্পন্ন করবেন। এ বিষয়ে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
মাদক নির্মূল প্রসঙ্গে এমপি মিলন বলেন, কেবল প্রশাসনিক পদক্ষেপ দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়, এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ব্যবসা, সেবন ও পরিবহন রোধে পুলিশ, সাংবাদিক এবং শিক্ষকসহ সমাজের সচেতন নাগরিকদের নিয়ে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে নিয়মিত মাদকবিরোধী সভা ও সেমিনার আয়োজনের ওপর জোর দেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া এবং কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের উপজেলা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, বর্তমানে কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এলাকার যানজট নিরসন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, অনিয়ম-দুর্নীতি, মাদক, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সবার সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়।
