উত্তরায় পথশিশুদের জন্য জামায়াতের ‘ঈদ আনন্দ’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নাজমুল হোসেন : সমাজের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের ঈদের আনন্দকে সার্বজনীন করতে সমাজের সক্ষম ও বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মাঠ–এ উত্তরা জামায়াত আয়োজিত ‘পথশিশুদের ঈদ আনন্দ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মসূচির আওতায় পথশিশু ও রাস্তার মানুষের মাঝে তাদের পছন্দ অনুযায়ী নতুন জামা-কাপড় কিনে উপহার দেওয়া হয়।

উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম–এর সভাপতিত্বে এবং কামরুল হাসান–এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা জামায়াতের সেক্রেটারি বদিউজ্জামাল বকুল, জামায়াত নেতা আনোয়ার হোসাইন মোল্লা এবং বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সুশাসনের অভাবে অনেক প্রান্তিক মানুষ এখনো রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে সমাজের সক্ষম মানুষদের এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বছর ঘুরে পবিত্র ঈদুল ফিতর সামনে এসেছে। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষ সমানভাবে উপভোগ করতে পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না।

অনুষ্ঠানে বক্তারা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে ঈদের মূল ধারার আনন্দে সম্পৃক্ত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।