
কালিগঞ্জ (সাতক্ষীরা) | নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে আহত নির্মাণশ্রমিক রফিকুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই শ্রমিকের সার্বিক খোঁজখবর নেন তিনি।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ জুলাই দুপুরে কালিগঞ্জ থানার পুরাতন ভবনটি ভাঙার কাজ চলছিল। এ সময় সেখানে থাকা একটি পরিত্যক্ত ককটেল হঠাৎ বিস্ফোরিত হলে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। তিনি কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের আব্দুল গফফার মোড়লের ছেলে। দুর্ঘটনার পর থেকেই তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শ্রমিকের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে তাকে নগদ পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করেন ওসি শহিদুল ইসলাম। এ সময় তার সাথে থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মানবিক এই উদ্যোগের বিষয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শ্রমিক রফিকুল ইসলামের চিকিৎসার বিষয়টি আমরা শুরু থেকেই নজরে রাখছি এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি।”
থানা সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং চিকিৎসার নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
