কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ দিন আগে

মোহাম্মদ আরমান চৌধুরী, আরব আমিরাত প্রতিনিধি: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, রাজপরিবারের সদস্য এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা দোহা সফর করেন। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই ২০২৬ তারিখে কাতার সফরকালে দেশটির বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে লুসাইল প্রাসাদে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি সাবেক আমিরের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে তারা মরহুম আমিরের দূরদর্শী নেতৃত্ব, কাতারের আধুনিক রাষ্ট্র গঠনে তাঁর অসামান্য অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির মর্যাদা বৃদ্ধিতে তাঁর ঐতিহাসিক ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কাতারের আমির, রাজপরিবার এবং দেশটির সাধারণ জনগণের প্রতি আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা জানান বাংলাদেশের স্পিকার। এই সৌজন্য সাক্ষাৎ শোক প্রকাশের পাশাপাশি কাতারের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কূটনৈতিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে সংশ্লিষ্টরা।

সাক্ষাৎ শেষে স্পিকার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমিরের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা বার্তা পৌঁছে দেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় কাতার সরকারের দেওয়া মানবিক সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এর ভূয়সী প্রশংসা করেন।