
মো. ওমর ফারুক : বিদ্যুৎঘাটতির কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটছিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জরুরি ইউনিটগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ায় রোগী ও স্বজনরা চরম ভোগান্তির মুখে পড়েন। এমন পরিস্থিতিতে হাসপাতালের জন্য একটি জেনারেটর দিয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–মনোনীত প্রার্থী, জেলা আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া।
গত ৩১ অক্টোবর রায়পুর উপজেলা জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি জেনারেটর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়ে জেনারেটরটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রায়পুর পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব, স্থানীয় জামায়াত নেতারা, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জেনারেটর দেওয়ার সময় মাস্টার রুহুল আমিন ভুঁইয়া বলেন, ‘রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা দীর্ঘদিন ধরে সংকটাপন্ন। বিদ্যুৎ না থাকলে রোগীরা ভীষণ ভোগান্তিতে পড়েন। মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই চিন্তা থেকেই এ অনুদান দেওয়া হয়েছে।’
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, ‘বড় হাসপাতালের জন্য শুধু আইপিএস যথেষ্ট নয়। বিদ্যুৎ না থাকলে অপারেশন থিয়েটার, ইমারজেন্সি ও ল্যাবের কার্যক্রম ঝুঁকিতে পড়ে। জেনারেটরটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এজন্য আমরা ধন্যবাদ জানাই।’
