ঈদের ছুটি শেষে শতাধিক মানুষকে বিনা ভাড়ায় কর্মস্থলে পৌঁছে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

রতন আলী, নিজস্ব প্রতিবেদক নাটোর : নাটোরে ঈদের ছুটি শেষে ঢাকামুখী কর্মজীবীদের যাত্রা নির্বিঘ্ন করতে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। শুক্রবার (১৩ জুন) দুপুর পৌনে চারটার দিকে শহরের বড়হরিশপুর বাস টার্মিনাল থেকে দুটি বাসে শতাধিক যাত্রীকে বিনা ভাড়ায় রাজধানী ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে অনেক যাত্রী বাসের সংকটে পড়েন। বিষয়টি জানার পরপরই জেলা পুলিশের নিজস্ব দুটি বাস প্রস্তুত করে প্রায় শতাধিক যাত্রীকে ঢাকার গাজীপুর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। যাত্রীদের জন্য সরবরাহ করা হয় সুপেয় পানি এবং প্রয়োজনীয় সহায়তা।

তিনি আরও জানান, জেলা পুলিশের এমন মানবিক সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যাত্রীরা।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল করিমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।