অসচ্ছল ৩৫ রোগীর চোখের ছানি অপারেশন করলেন মোহাম্মদ সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে ঢাকা-১২ আসনের (৩৫, ৩৬, ২৪, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড) ৩৫ জন অসচ্ছল রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার রাতে রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার কার্যক্রম পরিচালিত হয়।

অপারেশন-পরবর্তী সময়ে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘মানুষ সৃষ্টির সেরা জীব। যারা মানুষের কল্যাণে কাজ করেন, তারাই প্রকৃত অর্থে উত্তম মানুষ। আল্লাহ মানুষকে ধন-সম্পদ দিয়ে পরীক্ষা করেন। সমাজের বিত্তবানদের উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।’

সেলিম উদ্দিন আরও বলেন, ‘জামায়াতে ইসলামী একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে কেউ অভুক্ত থাকবে না বা বৈষম্যের শিকার হবে না। মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়তে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।’

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। বর্তমান সরকার জুলাইয়ের সেই আকাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা বর্তমান সরকারের ব্যর্থতায় সংকটাপন্ন। সরকারি হাসপাতালে অবহেলা ও দুর্নীতি এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, যা গরিব মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

নিজের দলের জনসেবামূলক কার্যক্রমের কথা উল্লেখ করে সেলিম উদ্দিন জানান, রাষ্ট্রক্ষমতার বাইরে থেকেও জামায়াতে ইসলামী বিভিন্ন ওয়ার্ডে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা দিয়ে আসছে।

উল্লেখ্য, মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে এ নিয়ে চতুর্থ ধাপে মোট শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চিকিৎসাসেবা দেওয়া হলো। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকারসহ অন্যান্য নেতারা।