ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

রংপুর প্রতিনিধি : ঢাকা ৮ আসনের প্রার্থী  ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে রংপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর পাঠি অফিস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শহরের কেন্দ্রস্থলে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলটিতে মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ শামসুজ্জামান শামু,  মাহফুজ উন নবী ডন, সাইফুল ইসলাম ও জাসাসের ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন,  মোহাম্মদ আমিনুল ইসলাম হারুন, মোহাম্মদ রাশেদ রানা রাশু, মোহাম্মদ আলমগীর হোসেন, মোঃ আব্দুল হাকিম রাফি, মোঃ শহিদুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা বন্ধ ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে বক্তারা বলেন, “ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতার অংশ। মতপ্রকাশের অধিকার দমনে এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য হুমকি।” তারা অভিযোগ করেন, বিরোধী মত দমনে একটি মহল ধারাবাহিকভাবে সহিংসতার আশ্রয় নিচ্ছে।

নেতারা আরও বলেন, অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে হাদীর  সুচিকিৎসা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আশিকুর রহমান তুহিন বলেন, সম্প্রতি নেতা ওসমান হাদীর ওপর সংঘটিত হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো।