
স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরের রামগঞ্জে এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা-ভাংচুর ও ককটেল বিস্ফােরণ ঘটনার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২ টার দিকে উপজেলার পূর্ব করপাড়া গ্রামে সেলিমের বাড়িতে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এতে জানালার কয়েকটি কাঁচ ভেঙ্গে যায়। তবে কারা, কী কারণে এ হামলা করেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেননি সেলিম।
শাহাদাত হোসেন সেলিম বলেন, হঠাৎ কে বা কারা আমার বাড়িতে হামলা করেছে। বাসায় কেউ ছিল না। হামলাকালে ৮-১০ টি ককটেল বিষ্ফোরণ ঘটনা হয়। এতে নিয়ে আশপামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রশাসনকে জানাবো।
এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এনিয়ে দলের একাংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরজের ধরে ১ নভেম্বর উপজেলার চন্ডিপুরে নতুন কমিটির নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গেলে দলের একাংশের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইউনুসকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেওয়া হয়।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ধরণের ঘটনা কেউ আমাদের জানায়নি। তবে খোঁজ নেওয়া হবে।
প্রসঙ্গত, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন এলডিপি বিএনপি জোটের শরিক হিসেবে মাঠে রয়েছেন। রামগঞ্জে বিএনপির একটি অংশ সরাসরি সেলিমের সঙ্গে রাজনীতি করছেন।
