
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ২০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে আইডিয়াল ফাউন্ডেশন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃত্তি পরীক্ষায় প্রথম হয়ে ল্যাপটপ জিতেছে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবির। দ্বিতীয় হয়েছে একই বিদ্যালয়ের জান্নাতুল মাওয়া মাহী এবং তৃতীয় হয়েছে পিটিআই সরকারি পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী
লক্ষ্মীপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হামেদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হোসাইন নুরনবী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীরা অতিরিক্ত পাঠ্যক্রমে যুক্ত হলে বাংলাদেশ বদলে যাবে। বিশেষ করে লক্ষ্মীপুরকে বদলাতে হবে। সারাদেশের মতো লক্ষ্মীপুরেও মাদক একটি ভয়াবহ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। একজন নির্বাচিত প্রতিনিধি একা মাদকমুক্ত সমাজ গড়তে পারবেন না—এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন ও সচেতনতা। মাদককারবারীরা বেশি নয়; সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ালে তারা পালিয়ে যেতে বাধ্য হবে।’
আয়োজকরা জানান, আইডিয়াল ফাউন্ডেশন গত ১৬ বছর ধরে বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। চলতি বছরের ২২ নভেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। তাঁদের মধ্যে ২০০ শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়।
