
সিরাজুল ইসলাম : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন খাল ও বিলে অভিযান চালিয়ে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জব্দকৃত এসব জাল ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট শীলতলা বিল, মঠেরচক বিল ও সংলগ্ন খালে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. মুজিবর রহমান, বিশ্বজিৎ মণ্ডল ও সুকুমার। এ সময় স্থানীয় ইউপির গ্রাম পুলিশ, গ্রীন কোয়ালিশন, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অভিযানে সার্বিক সহায়তা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান জানান, চায়না দুয়ারি জাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ ধরনের অতিসূক্ষ্ম জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য চরম ক্ষতির মুখে পড়ছে। দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে শ্যামনগরের সব এলাকায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
