লক্ষ্মীপুরে ছানা ফ্যাক্টরির আড়ালে ভেজাল ঘি তৈরি, ৫০ কার্টন জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

নাজমুল হোসেন: লক্ষ্মীপুর সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত ‘আবু তাহের ছানা ফ্যাক্টরি’তে অভিযান চালিয়ে প্রায় ৫০ কার্টন ভেজাল ঘি উদ্ধার করেছে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ছানা ফ্যাক্টরির আড়ালে অত্যন্ত অসদুপায়ে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ঘি তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে সেখানে হানা দেয় যৌথ দল। এ সময় কারখানাটি তল্লাশি করে প্রায় ৫০ কার্টন ভর্তি ভেজাল ঘি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যে ভেজালবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।