লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবাসহ তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবাসহ মাধবী রানী মণ্ডল ওরফে তৃষা (২৩) নামের এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার রাতে শহরের ঝুমুর স্টেশন এলাকার একটি হোটেল থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝুমুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে মাধবী রানী মণ্ডলের কাছ থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক মাধবী রানী মণ্ডল লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ জোড়দীঘির পাড় এলাকার অমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে।

পুলিশের দাবি, মাধবী রানী দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির পাশাপাশি নিজে মাদক সেবনের সঙ্গে জড়িত।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী আজ শুক্রবার সকালে বলেন, আটক তরুণীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।