রায়পুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইউছুফ হোসেন নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সন্ধ্যায় পৌর শহরের মরগ বাজার এলাকার একটি কাঁচামালের আড়ত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউছুফ হোসেন রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউছুফ হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, সোমবার তাঁকে লক্ষ্মীপুরের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ মামলার তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।