পাকিস্তানে বিশেষ প্রশিক্ষণে যাচ্ছেন ১২ বিসিএস কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের জন্য আয়োজিত এক বিশেষ এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা।

আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত পাকিস্তানের লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে।

প্রশিক্ষণে মনোনীত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক যুগ্ম সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস জিয়া আহমেদ সুমন।

সরকারি আদেশে বলা হয়েছে, প্রশিক্ষণের সম্পূর্ণ ব্যয় পাকিস্তান সরকার বহন করবে। এ সফরের জন্য বাংলাদেশ সরকারের কোনো আর্থিক ব্যয় থাকবে না। কর্মকর্তারা স্থানীয় মুদ্রায় তাদের বেতন ও ভাতাদি গ্রহণ করবেন। সফরকালীন যাতায়াত ও প্রশিক্ষণ সময়কে কর্মকালীন (অন ডিউটি) হিসেবে গণ্য করা হবে।

এছাড়া আদেশে আরও বলা হয়, কর্মকর্তারা নির্ধারিত সময়ের বেশি বিদেশে অবস্থান করতে পারবেন না। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে তারা অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন এবং পাঁচ দিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈদেশিক প্রশিক্ষণ শাখায় প্রতিবেদন জমা দিতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এই আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে জারি করা হয়েছে।