
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াৎ-ই আশিক।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান, বিআরটিএ সাতক্ষীরা শাখার সহকারী পরিচালক প্রকৌশলী উসমান সরোয়ার আলম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জয়ন্ত সরকার, ট্রাফিক পরিদর্শক মশিউর রহমান, মোটরযান পরিদর্শক ওমর ফারুক, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকনসহ সংশ্লিষ্টরা।
প্রধান অতিথি রুবাইয়াৎ-ই আশিক বলেন, গাড়ি চালানো শুরুর আগে নিজের পরিবারের কথা ভাবতে হবে। একজন চালকের অসতর্কতায় একটি পরিবার নিঃস্ব হয়ে যেতে পারে। সড়ক দুর্ঘটনা কমানো না গেলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি দুর্ঘটনা ঘটলে দ্রুত ৯৯৯-এ যোগাযোগ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি মো. জিয়াউর রহমান বলেন, যাত্রী পরিবহনের সময় শৃঙ্খলা বজায় রাখা, নারী যাত্রীর প্রতি সম্মানজনক আচরণ, ওভারটেকিংয়ে সতর্কতা এবং ট্রাফিক আইন মেনে চলা জরুরি। তিনি হাইড্রলিক হর্ন ব্যবহার বন্ধ, গাড়িতে অগ্নিনির্বাপক যন্ত্র ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখার ওপরও গুরুত্ব দেন।
কর্মশালার শুরুতে সড়ক দুর্ঘটনা বিষয়ক দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে বিকেলে সাতক্ষীরা সিটি কলেজ মাঠে নিবন্ধিত ৯৩ জন চালককে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান।
