রায়পুরে গণহত্যা দিবস পালিত, আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

নিজস্ব প্রতিবেদক: Farzana Akter Bristy
প্রকাশ: ৪ মাস আগে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা স্মরণে গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।

আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং সাংবাদিকেরা অংশ নেন। বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের বিভীষিকাময় স্মৃতি তুলে ধরেন এবং সেই রাতের নির্মম হত্যাযজ্ঞের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

বক্তারা বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় দিন। ওই রাতে ঢাকার রাজারবাগসহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র মানুষের ওপর বর্বরোচিত হামলা ও গণহত্যা চালানো হয়। এই হত্যাযজ্ঞ ছিল সুপরিকল্পিত এবং মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ।

তাঁরা আরও বলেন, ২৫ মার্চের গণহত্যার ইতিহাস বিশ্ববাসীর কাছে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। এ জন্য দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান বক্তারা।

সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।