
‘অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই’
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর তোফখানা রোডে নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
শুক্রবার বিকেলে শিশু কল্যাণ পরিষদের ভবনের চতুর্থ তলায় আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মা খাদিজাতুল কুবরা (রা.)–এর পবিত্র ওফাত দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এর ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে জনগণের ভোগান্তি বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর বিকল্প পথ খুঁজে বের করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, খাদ্যে ভেজাল মেশানো ও অতিরিক্ত মুনাফা অর্জন ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। পবিত্র রমজান মাসেও যারা মানুষের কষ্ট বাড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। অবিচার, দুর্নীতি ও ‘অপরাজনীতি’র বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক প্রসঙ্গ তুলে বিএসপি চেয়ারম্যান ইরানে মার্কিন মদদপুষ্ট ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামের সূচনালগ্নে খাদিজাতুল কুবরা (রা.) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মহানবী মুহাম্মদ (সা.)–এর সহধর্মিণী হিসেবে ইসলামের কঠিন সময়ে ত্যাগ ও ধৈর্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান ও অধ্যাপক শহীদ মঞ্জু। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব কবি মাহমুদুল হাসান নিজামী, ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
