
আলামীন, রংপুর : রংপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয়–এ কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা ও দাপ্তরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। এতে সভাপতিত্ব করেন জেলা রেজিস্ট্রার মোছা: সামিমা পারভীন।
কর্মশালায় জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে কর্মরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত টিসি (ট্রেনিং ক্যাডার) ও মোহারারগণ অংশ নেন।
প্রশিক্ষণে দলিল নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিতকরণ, সেবার মানোন্নয়ন, আইনগত প্রক্রিয়ার যথাযথ প্রয়োগ এবং ডিজিটাল সিস্টেম ব্যবহারে দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া রেকর্ড ব্যবস্থাপনা, শুদ্ধাচার কৌশল, ক্যাশ বহিতে বিল সংরক্ষণ, বিল রেজিস্টার ও বিল প্রস্তুতকরণ, ক্যাটালগ বহি লিখন, পত্র প্রাপ্তি ও প্রেরণ রেজিস্টার সংরক্ষণ এবং বরাদ্দ রেজিস্টার লিখন বিষয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়। জনসাধারণের সঙ্গে আচরণে পেশাদারিত্ব বজায় রাখা এবং সরকারি সেবাকে আরও জনবান্ধব করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা রেজিস্ট্রার মোছা: সামিমা পারভীন বলেন, “দলিল নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সেবা। কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও সততা নিশ্চিত করা গেলে জনভোগান্তি কমবে এবং সরকারের রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।” তিনি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোর দেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খাদিজা খাতুন (টিসি সহকারী, সাপোর্ট স্টাফ), আফছানা বেগম, সুব্রত সিংহ, শিরিনা আক্তার এবং রিপন চন্দ্র মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন।
কর্মশালাটি আয়োজন করে রংপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয়।
