প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে, দিনভর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

যশোর প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে যশোরে পৌঁছেছেন। সকাল ১০টা ২০ মিনিটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে যশোরের উদ্দেশে রওনা হন। যশোরে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী।

যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে শার্শা উপজেলায় উলসী খাল খনন প্রকল্পের উদ্বোধন, একটি সুধী সমাবেশে অংশগ্রহণ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

সফর শেষে সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে যশোরে এটি তারেক রহমানের প্রথম সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে একটি বড় নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।