
রতন আলী, নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার নগর ইউনিয়নের বাটরা-কুন্ডুপাড়া কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধির কৌশল, সহজ শর্তে কৃষিঋণ সুবিধা, বাজার ব্যবস্থাপনা, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সজীব আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, কৃষককে কেন্দ্র করেই আমাদের সব পরিকল্পনা। মাঠপর্যায়ে সেবা আরও সহজ ও দ্রুত করতে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বাল্যবিবাহ, মাদক ও নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপকর্মের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করায় ব্র্যাক ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ধন্যবাদ জানান। পাশাপাশি ব্র্যাক ব্যাংকের অংশীদারিত্বকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি সমাজ উন্নয়নে ব্র্যাক ব্যাংক উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। অন্যান্য ব্যাংকও এ ধরনের কার্যক্রমে এগিয়ে এলে সমাজ উন্নয়ন আরও বেগবান হবে।
তিনি কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা ও ফলন বৃদ্ধির সার্বিক দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ মাহাদি হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বড়াইগ্রাম। তিনি মাঠপর্যায়ের সমস্যা, সেচ, সার ও বীজ প্রাপ্যতা, বাজারদর এবং কৃষিঋণ গ্রহণের সুবিধা নিয়ে আলোচনা করেন।
কৃষক প্রতিনিধি মোছাঃ বিউটি খাতুন বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমরা আয়বর্ধক কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছি এবং সামাজিক উন্নয়নে এগিয়ে আসতে পারছি।
ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বড়াইগ্রাম এ কর্মসূচি বাস্তবায়ন করে। অতিথিরা বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের এ প্রকল্প কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান, প্রশিক্ষণ, আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
