সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা সভা: সীমান্তে পুশইন বন্ধ ও মাদকবিরোধী অভিযানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং অবৈধ অনলাইন জুয়াসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর তৎপরতা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

সভায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সীমান্তে পুশইন বন্ধে বিজিবির টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যানজট নিরসনে শহরের বাস টার্মিনাল স্থানান্তর এবং বাস থামার নির্দিষ্ট স্থান (স্টপেজ) চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অবৈধ দখল হওয়া সরকারি খাস জমি উদ্ধারের ওপরও জোর দেওয়া হয়। এছাড়া বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানো অনলাইন জুয়া এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা দমনে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল এবং প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ।

বক্তারা জেলাজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে প্রশাসনকে পারস্পরিক সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান।