কৃষকের বরাদ্দকৃত সার রশিদ ছাড়া খুচরা দোকানে, প্রশাসন নীরব

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

সুজন শেখ, দিনাজপুর প্রতিনিধি :.দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুর ইসলাম-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি প্রভাব খাটিয়ে কৃষকদের বরাদ্দকৃত সার ডিলারের কাছ থেকে নিয়ে নিজের খুচরা দোকানে মজুদ করছেন। এই অনিয়মের ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে খানসামা বাজার থেকে আনুমানিক ৩০ বস্তা সার রশিদ ছাড়া খুচরা দোকানে নেওয়া হয়। বিষয়টি নতুন নয়; নিয়মিতভাবেই বিভিন্ন ডিলার পয়েন্ট থেকে সার তার খুচরা দোকানে সরিয়ে নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুর ইসলাম এসব সার নিজের দোকানে নিচ্ছিলেও কোনো রশিদ দেখাননি। ভ্যানচালককে প্রশ্ন করলে তিনি জানালেন, ইউপি সদস্য নিজে এসে দেখবেন। পরে নুর ইসলাম উপস্থিত হয়ে বলেন, “রশিদ নাই, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমার দোকানে গিয়ে দেখে নেবেন।” এছাড়া ভবিষ্যতে এ ধরনের প্রশ্ন না করার নির্দেশ দিয়েছেন বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় সাধারণ কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযোগ, ডিলারদের সঙ্গে আঁতাতের কারণে প্রকৃত কৃষকরা নির্ধারিত দামে ও সময়ে সার পাচ্ছেন না, অনেকে অতিরিক্ত দামে কিনতে বাধ্য হচ্ছেন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এত বড় অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও উপজেলা প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, “বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সচেতন মহল প্রশ্ন তুলেছেন, প্রশাসনের নীরবতা কি অনিয়মকে পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছে?