কাউনিয়ায় যুব অধিকার পরিষদের পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

রংপুর প্রতিনিধি :  বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরের কাউনিয়া উপজেলায় সংগঠনটির নবগঠিত আংশিক পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় কাউনিয়া উপজেলার গুলশান মোড় এলাকায় (শহীদবাগ ইউনিয়ন) এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও তরুণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব অধিকার পরিষদের রংপুর জেলা সভাপতি কাদের আনসারী শিমুল। তিনি বলেন, যুব অধিকার পরিষদ একটি আদর্শভিত্তিক সংগঠন। তরুণ সমাজকে অন্যায়, বৈষম্য ও অধিকারহীনতার বিরুদ্ধে সংগঠিত করাই সংগঠনটির লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক টিটুল ইসলাম টুটুল এবং রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইমরান কবির। বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজ নানা ধরনের অনিশ্চয়তা ও বঞ্চনার মুখোমুখি। এই বাস্তবতায় যুব অধিকার পরিষদ তরুণদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারে।

সভায় সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোশরেকুল ইসলাম মামুন। তিনি বলেন, কাউনিয়ার যুবসমাজকে সঙ্গে নিয়ে একটি সুশৃঙ্খল ও জনবান্ধব সংগঠন গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

সভা পরিচালনা করেন রংপুর জেলা যুব অধিকার পরিষদের মিডিয়া সম্পাদক মো. বরকত মিয়া। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।