দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে নিকুঞ্জ আবাসিক এলাকা বাড়ি মালিক সমিতির যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

মাহমুদুর রহমান মনজু : লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকার ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তেমুনি সড়কসংলগ্ন এলাকায় দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে নিকুঞ্জ আবাসিক এলাকা বাড়ি মালিক সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আজ শুক্রবার সকালে ওই এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সমিতির সদস্যরা অংশ নেন। এর আগে বৃহস্পতিবার রাত ৮টায় বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের উপস্থিতিতে ১৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে হাজী এ কে এম শাহ আলম সভাপতি এবং ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান চৌধুরী নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন আবুল খায়ের দুলাল, মইনুল ইসলাম, মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রহমতুল্লাহ (রিঙ্কু)। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মহব্বত রাসেল ও ফারুক হোসেন মিল্লাতকে। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুস্তাক আহমেদ এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মিসেস নার্গিস আক্তার। এ ছাড়া আরও আটজন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাজী এ কে এম শাহ আলম বলেন, এলাকার সব বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখাই এই সমিতির প্রধান লক্ষ্য। যেকোনো সমস্যা সম্মিলিতভাবে সমাধানের চেষ্টা করা হবে।

সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ (রিঙ্কু) বলেন, এলাকাবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের উদ্দেশ্য। পাশাপাশি নিকুঞ্জ আবাসিক এলাকা নামে একটি নির্দিষ্ট নামকরণ হওয়ায় এখন কুরিয়ার, ডাক বা অন্যান্য সেবা পেতে সহজ হবে, যা এলাকাবাসীর ভোগান্তি কমাবে।

অনুষ্ঠান শেষে সমিতির সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।