
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার নেতারা। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতৃত্বের প্রতি দ্রুত আনুষ্ঠানিক স্বীকৃতির দাবি জানানো হয়।
সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কর্মসূচি শুরু হয়। ফোরামের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিএনপির সব রাজনৈতিক কর্মসূচি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও পেশাগত অধিকার রক্ষার লড়াইয়ে অগ্রভাগে থেকে ভূমিকা পালন করেছে। সাতক্ষীরা জেলা ইউনিটও কেন্দ্রীয় কর্মসূচির বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমান আহ্বায়ক কমিটি দায়িত্ব নেওয়ার পর সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করা হয়েছে।
সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাছে দ্রুত এই ফোরামকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়ার জোর দাবি জানানো হয়। নেতারা মনে করছেন, এই স্বীকৃতি পাওয়া গেলে আইনজীবীরা আরও সুসংগঠিতভাবে গণতান্ত্রিক আন্দোলন ও দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা দিয়ে নেতারা বলেন, সংগঠনের ভেতরে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে তা প্রমাণসহ জানানোর আহ্বান জানানো হয়। প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সেই সঙ্গে অভ্যন্তরীণ যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নেতারা।
বিক্ষোভ সমাবেশে জেলার জ্যেষ্ঠ ও নবীন আইনজীবীসহ ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আদালত পাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
