
বরিশাল: বরিশালে বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” স্লোগানকে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মোঃ মাহফুজুল হক এবং জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রজনন কর্মকর্তা ডা. নাসিরউদ্দিন আহমেদ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. সুশান্ত দাস, আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগারের সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. ইব্রাহিম খলিল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুন নাহার কলি সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জুঁই বিশ্বাস।
অনুষ্ঠান শুরুতে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে থেকে একটি র্যালি বের হয়ে নবগ্রাম রোড প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসে শেষ হয়। প্রধান অতিথিসহ বক্তারা প্রাণিসম্পদ খাতে অংশগ্রহণ বৃদ্ধি, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও সরবরাহের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
পরবর্তীতে অতিথিরা প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে স্থানীয় খামারি, উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
জানা গেছে, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে ৭ দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ। কর্মসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির ভ্যাক্সিনেশন ক্যাম্প, কৃমিনাশক বিতরণ, তরুণ উদ্যোক্তাদের মতবিনিময়, কৃত্রিম প্রজনন, স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতা এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
