
সাইফ উল্লাহ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে ধর্মপাশা উপজেলা বিএনপির নেতারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছে। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, চতুর্থ যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, মাহবুবুল আলম হাদিস ও নেহাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির ও সাইফুল ইসলাম কাঞ্চন।
এ ছাড়া সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নয়ন মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল সালাম, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার এবং উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। বিএনপির নেতারা জানান, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।
