রংপুরে সোনালী অতীত ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

রংপুর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও ভবিষ্যৎ পরিকল্পনার অঙ্গীকারে এক আনন্দঘন পরিবেশে রংপুরে অনুষ্ঠিত হয়েছে সোনালী অতীত ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

শনিবার রাত ৮টায় রংপুর নগরীর ধাপ এলাকার রাইয়ান্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এজিএম অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং প্রয়াত ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রাকিব বিগত তিন বছরের কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, “সোনালী অতীত ক্লাব শুধু অতীতের স্মৃতি নয়, ভবিষ্যতের ক্রীড়া আন্দোলনেও ভূমিকা রাখবে।”

পরে তিনি নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

সভায় রংপুর ফুটবলের দুই কিংবদন্তি— মো. জমসেদ আলী খান ও শ্রী সনজিত কুমার দাস (সাধু)—কে ফুটবল অঙ্গনে অসাধারণ অবদান ও প্রজন্মকে অনুপ্রাণিত করার স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা প্রদান করা হয়। আবেগঘন বক্তব্যে তাঁরা ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী অতীত ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোসাব্বের হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল গফ্ফার, ট্রেজারার সামছুজ্জামান ইউসুফ, অর্গানাইজিং সেক্রেটারি মো. আরমান ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার কাজী আনোয়ার।

এ ছাড়া জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, গণমাধ্যম প্রতিনিধি এবং সোনালী অতীত ক্লাবের (নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট) নেতৃবৃন্দসহ অনেকে অনুষ্ঠানে অংশ নেন।

সভায় বক্তব্য দেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শফিকুল ইসলাম মিঠু, সমাজসেবক হাজী মো. তানবীর হোসেন আশরাফি এবং রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান টিটু।

বক্তারা বলেন, “সোনালী অতীত ক্লাব শুধু ক্রীড়া নয়, এটি মানবিকতা, ঐক্য ও সামাজিক দায়িত্ববোধের এক প্ল্যাটফর্ম।”

অনুষ্ঠান শেষে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় সমাপ্তি ঘটে সভার।