সুনামগঞ্জ-১: কামরুজ্জামান কামরুলের সমর্থনে তাহিরপুরে বিশাল গণসমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের সমর্থনে একটি বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরের খেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং মাঠটি জনতার ঢলে ভরে ওঠে।

সমাবেশের সভাপতি ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য মনোনয়নপ্রার্থী কামরুজ্জামান কামরুল। এছাড়া বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান কামরুল বক্তব্যে বলেন, “দেশে জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতে কিছু পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত, তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি নজর রাখছেন। যদি জনগণ আমাকে ভোটে নির্বাচিত করেন, আমি সুনামগঞ্জ-১ আসনের রাস্তাঘাট, স্কুল-কলেজ, ব্রিজ ও অবকাঠামোগত উন্নয়নসহ হাওরাঞ্চলের মানুষের সুষম উন্নয়নে কাজ করব।”

তিনি আরও জানান, গণভোট ও নির্বাচনের মাধ্যমে আসনটি জনগণের কল্যাণে পরিচালনা করতে চান। সমাবেশে উপস্থিত জনতা তার বক্তব্যে গভীর আবেগ প্রকাশ করেন।