লক্ষ্মীপুরে বিএনপির চার সম্ভাব্য প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুর জেলার চারটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, রামগতিতে আশাফ উদ্দিন নিজান, রায়পুর (লক্ষ্মীপুর-২) আসনে আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম এবং লক্ষ্মীপুর-৩ আসনে তিনি নিজে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

অনুষ্ঠানে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, অতীতে ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি বিজয়ী হয়েছিল। সাম্প্রতিক আন্দোলন–সংগ্রামে নেতাকর্মীদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

এ্যানি আরও বলেন, শাহাদাত হোসেন সেলিম দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে বিএনপির সঙ্গে ছিলেন এবং অতীতে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন।