রাজধানীতে মোবাইল ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুলিস্তান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে ১৮টি চোরাই মোবাইল ফোন ও একটি চার্জার উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন মো. রোমান (১৯) ও মাসুদুর রহমান নাহিদ (২০)।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তান গোলাপশাহ মাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ টের পেয়ে পালানোর চেষ্টাকালে রোমান ও মাসুদকে আটক করা হয়েছে, তবে তাদের সঙ্গে থাকা আরও দুজন সদস্য পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাই মোবাইল উদ্ধার করার পাশাপাশি তাদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল ছিনতাই করে গুলিস্তান এলাকায় বিক্রি করতেন। 

পলাতক আসামিদের ধরতে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।