কারাগারে কয়েদির চোখ উপড়ানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালী জেলা কারাগারে দশ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির দুই চোখে কলম দিয়ে আঘাত করেছেন আরেক কয়েদি। আহত কয়েদি নূর হোসেন বাদলকে (৩২) উদ্ধার করে পুলিশ হেফাজতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১ অক্টোবর) কারাগারের নিচ তলার ১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

কারা সূত্রে জানা গেছে, ২০২১ সালে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের এক নারী নির্যাতন মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদল কারাগারের নিচ তলার একটি কক্ষে অপর হাজতিদের সঙ্গে থাকতেন। দুই মাস আগে ওই ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে মাদক মামলায় গ্রেফতার মহিন কারাগারের দ্বিতীয় তলায় থাকতেন।

জেলা কারাগারের ডেপুটি জেলার মো. জাবেদ হোসেন জানান, ঘটনার পরপর আহত কয়েদি নূর হোসেন বাদলকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

তাঁর দুই চোখে কলম দিয়ে আঘাত করার কারণে রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।