সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে : জামায়াত নেতা ড. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে গেলেন জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অনুদান প্রদান করেন তারা।

গতকাল রোববার (১১আগষ্ট) বিকালে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে যান।

এর পূর্বে চলমান সংকট নিরসন এবং লক্ষ্মীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, লক্ষ্মীপুর পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশের জামায়াত ইসলামীর নেতারা।

এ সময় লক্ষ্মীপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জামায়াতের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এছাড়াও সদর থানা ও শ্যাম সুন্দর জিউর আখড়া পরিদর্শন করেন জামায়াতের নেতাকর্মীরা।

বাংলাদেশ জামায়াত ইসলাম ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এ.আর হাফিজ উল্লাহ, সেক্রেটারি জেনারেল ফারুক হোসেন নুরনবী, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, শহর আমির আবুল ফারাহ নিশানসহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান এবং লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ জামায়াত ইসলামীর সহযোগিতা প্রত্যাশা করেন। জামায়াত ইসলামের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন জামায়াত নেতা ড. রেজাউল করিম।

জামায়াত নেতা ড. রেজাউল করিম বলেন, আমাদের কেন্দ্রীয় আমিরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। ইতিমধ্যেই আমাদের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি পাহারায় নিয়োজিত রয়েছে। এছাড়া জামায়াত ইসলাম কখনো প্রতিশোধে বিশ্বাসী না। বিগত বছরে আমাদের ওপর নানা জুলুম নির্যাতন করলেও আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি দেশের শান্তি ফিরে আসবে।

এছাড়াও আন্দোলনে যারা নিহত হয়েছে আমরা তাদের রুহের আত্নার মাগফেরাত কামনা করি এবং যারা আহত হয়েছে প্রত্যেকের সুস্থতা কামনা করছি।