
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর : প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের পর কেন্দ্রটির ১ নম্বর ইউনিট চালু করা হয়েছে।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, বয়লার পাইপ মেরামত শেষে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি রাত ৮টা ৭ মিনিটে চালু করা হয়। তবে বর্তমানে এই ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
এর আগে বুধবার রাত ১০টা ১০ মিনিটে বয়লার পাইপ ফেটে যাওয়ায় কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর দ্রুত মেরামত কাজ শুরু করা হয় এবং প্রায় ৪৬ ঘণ্টা পর ইউনিটটি আবার চালু করা সম্ভব হয়।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্রটির অন্য দুটি ইউনিট এখনও বন্ধ রয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে বন্ধ আছে। এটি আগামী মে মাসের মধ্যে চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এটি কবে চালু করা যাবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি সংশ্লিষ্টরা।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। ২০০৬ সালে ১২৫ মেগাওয়াট করে দুটি ইউনিট দিয়ে যাত্রা শুরু হয় কেন্দ্রটির। পরে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট যুক্ত হয়। তবে যান্ত্রিক ত্রুটিসহ নানা জটিলতায় কেন্দ্রটি কখনোই একসঙ্গে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।
