
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট) স্থগিত করেছে।
কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রোববার (২৫ আগস্ট) এ তথ্য জানানো হয়।
যুগ্ম সচিব আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পরবর্তীতে পরীক্ষার নতুন সূচি জানানো হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৬তম বিসিএসের মোট পদ সংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেয়া হবে।
গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন। উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
